জামালপুরে কোটি টাকার বাস টার্মিনাল পরিত্যক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার জামালপুর পৌর বাস টার্মিনাল প্রায় সাত বছর ধরে পরিত্যক্ত। সেখান থেকে আর কোনো বাস ঢাকা কিংবা ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায় না, আসেও না। শুধু রাতে কিছু বাস পার্ক করে রাখা হয়।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালের কোথাও বাস-মিনিবাস নেই। জনমানবশূন্য। টার্মিনালটিতে সুনসান নীরবতা। টার্মিনালের সামনে খড় শুকাতে দিয়েছে এলাকাবাসী। টার্মিনাল ভবনের ভেতর ময়লা-আবর্জনা। কাউন্টারসহ বিভিন্ন কক্ষ ভাঙাচোরা। কাচের জানালা ও কাঠের দরজাগুলোও ভেঙে গেছে। দেয়ালের বিভিন্ন অংশে ফাটল রয়েছে ও পলেস্তারা খসে গেছে। বিভিন্ন পরিবহনের নামে বরাদ্দ কাউন্টার বন্ধ।
পৌরসভা সূত্র জানায়, শহরকে যানজটমুক্ত করার উদ্দেশ্যে শহর থেকে এক কিলোমিটার দূরে জামালপুর-ময়মনসিংহ সড়কের ছনকান্দা এলাকায় টার্মিনালটি নির্মাণ করা হয়। প্রায় দেড় একর জায়গায় নগর পরিচালনা ও উন্নীতকরণ অবকাঠামো প্রকল্পের আওতায় নির্মাণকাজ বাস্তবায়ন করে পৌরসভা। এতে জমি কেনা, ভবন নির্মাণ ও অন্যান্য খাতে খরচ হয় এক কোটি পাঁচ লাখ টাকা। ২০০২ সালে পৌরসভার চেয়ারম্যান মির্জা সাখাওয়াতুল আলম টার্মিনালের উদ্বোধন করেন। ২০০৯ সাল পর্যন্ত টার্মিনালটি যাত্রী ও পরিবহনশ্রমিকদের পদচারণে মুখর ছিল। এরপর যাত্রী কমে যাওয়া ও পরিবহনমালিকদের অনীহাসহ নানা কারণে টার্মিনালটি বন্ধ হয়ে যায়।
পৌর বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু সরকার প্রথম আলোকে বলেন, জামালপুর থেকে বিভিন্ন সড়কের বাস সার্ভিসগুলোর মালিক শহরের প্রভাবশালী ব্যক্তিরা। তাঁরা নিজস্ব ব্যানারে শহরের ভেতরে আলাদা কাউন্টার খুলে সার্ভিস দিচ্ছেন। এ টার্মিনালটি শহর থেকে দূরে হওয়ায়, যাত্রীর সংখ্যা কমে যায়। এ কারণে মালিকেরা সেখানে বাস নিতে রাজি হন না। একপর্যায়ে টার্মিনালটি পরিত্যক্ত হয়।
জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম বলেন, টার্মিনালটি আবারও চালুর জন্য পরিবহননেতা ও বিভিন্ন বাসমালিকদের সঙ্গে আলোচনা চলছে। পৌর কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে টার্মিনাল ভবনের সংস্কারকাজ করলে, আবারও সেখানে বাস চালু করা সম্ভব হবে।
পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম বলেন, টার্মিনালটি আবারও চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরাজীর্ণ ভবনটি সংস্কারে জন্য দ্রুত সময়ের মধ্যেই পৌরসভার পক্ষ থেকে বরাদ্দ দেওয়া হবে।