জামালপুরে খালেদার জনসভা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া
খালেদা জিয়া

জামালপুরে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের জনসভা শুরু হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটার দিকে জনসভা শুরু হয়। জনসভার প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জামালপুর সার্কিট হাউসে অবস্থান করছেন। কিছুক্ষণের মধ্যে তিনি জামালপুর জিলা স্কুলের মাঠে ওই জনসভায় ভাষণ দেবেন।

নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবিতে ২০-দলীয় জোটের আন্দোলনের অংশ হিসেবে এই জনসভার আয়োজন করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদারের সভাপতিত্বে আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে জনসভার কার্যক্রম শুরু হয়। শুরুতে স্থানীয় নেতারা বক্তব্য দেন। এদিকে সমাবেশ ঘিরে ২০-দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ লক্ষ করা গেছে। দুপুরের আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ সমাবেশ স্থলে হাজির হতে শুরু করেন। দুপুরের পর সমাবেশ মাঠ পূর্ণ হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে মানুষ।

জামালপুরের পথে খালেদা জিয়াএর আগে দুপুর ১২টার দিকে টাঙ্গাইল থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। আড়াইটার দিকে তিনি জামালপুর পৌঁছান।

টাঙ্গাইল থেকে জামালপুরে যাওয়ার পথে কালীহাতি, ঘাটাইল, মধুপুর, ধনবাড়িসহ বিভিন্ন এলাকায় মানুষ সড়কের দুই পাশে দাঁড়িয়ে অভিনন্দন জানান খালেদা জিয়াকে। তাঁরা বিভিন্ন পোস্টার ও ব্যানার বহন করেন। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সড়কজুড়ে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।

খালেদা জিয়ার সঙ্গে আছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারাও তাঁর সঙ্গে রয়েছেন। বিকেল চারটায় জামালপুর জিলা স্কুল মাঠে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

গতকাল শুক্রবার বিকেলে ঢাকা থেকে জামালপুরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। রাতে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু-সংলগ্ন যমুনা রিসোর্টে পৌঁছান তিনি। সফরসঙ্গীদের নিয়ে সেখানেই রাত যাপন করেন তিনি।