জামালপুরে গুলিভর্তি পিস্তলসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
জামালপুরের সদর উপজেলায় গত বুধবার পুলিশ গুলিভর্তি অত্যাধুনিক পিস্তলসহ সাখাওয়াত উল্লাহ ও মাহমুদুল হাসান নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সাখাওয়াতের (২০) বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার জয়দা গ্রামে এবং মাহমুদুলের (২১) বাড়ি একই উপজেলার লক্ষীখোলা গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলার নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টহল দল বুধবার রাতে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের ঘোড়াধাপ ইউনিয়নের চড়াঘাট সেতুর ওপর যানবাহনে তল্লাশি চালায়। এ সময় তারা একটি মোটরসাইকেলের গতিরোধ করলে এর আরোহী তিন যুবক সেটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন ধাওয়া করে দুজনকে আটক করা হয়। একজন পালিয়ে যায়। আটক ব্যক্তিদের শরীর তল্লাশি করে তিনটি গুলিসহ একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। নরুন্দি তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ইদ্রিস হোসেন বলেন, ওই দুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।