জামালপুরে গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে ৩০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ উপজেলায় গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে আসামি ছিনিয়ে নেওয়ার সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে সাত পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন। উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামে পুলিশ আসামি গ্রেপ্তার করতে গেলে এ ঘটনা ঘটে। । সংশ্লিস্ট সূত্রে জানা গেছে, মেলান্দহ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শুভ্র সাহার নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার রাতে কাজাইকাটা গ্রামে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করতে যান। ওই গ্রামে বিভিন্ন মামলায় ৪৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ আসামি আমজাদ মোল্লা ও তাঁর ছেলে বাবুল মোল্লাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসী আমজাদ মোল্লাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালালে পুলিশ তাদের লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে সাত পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। ঘটনার পর আত্মগোপন করায় আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। আহত পুলিশ সদস্যরা হলেন: এএসআই শুভ্র সাহা, খাইরুল ইসলাম ও জহুরুল ইসলাম, পুলিশ সদস্য চান মিয়া, মনিরুজ্জামান, ইলিয়াস হোসেন ও আল আমিন। তাঁদের মধ্যে শুভ্র সাহা ও চান মিয়াকে গুরুতর অবস্থায় মেলান্দহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্লাল হোসেন রাতের ঘটনায় ১৮টি গুলি ছোড়ার কথা স্বীকার করে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গ্রামবাসী আসামি আমজাদ মোল্লাকে ছিনিয়ে নিলেও অপর আসামি বাবুল মোল্লা গ্রেপ্তার রয়েছে। এ ঘটনায় আমজাদ মোল্লাসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। পুলিশ সুপার মো. আবদুর রাজ্জাক গতকাল দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে মেলান্দহ হাসপাতালে যান।