জামালপুরে গ্রেপ্তার দুজন কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া জামালপুরের শামসুল হক (৭৫) ও এ কে এম ইউসুফ আলীকে (৮৩) গতকাল মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল শামসুল হক ও ইউসুফ আলীকে হাজির করা হয়। ট্রাইব্যুনাল তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাঁদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ৩০ মার্চ দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রাইব্যুনাল-২ গত সোমবার জামালপুরের আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সোমবার বিকেলে জামালপুর সদর থানার পুলিশ শামসুল ও ইউসুফকে গ্রেপ্তার করে। পরোয়ানাভুক্ত অন্যরা হলেন জামালপুরে আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসাইন, শরীফ আহমেদ, আবদুল মান্নান , আবদুল বারী, মো. হারুন ও আবুল হাশেম।