জামালপুরে ঘুষ নেওয়ার অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের প্রকল্প বিভাগের জামালপুরের নির্বাহী প্রকৌশলী আবদুস ছোবহান মিয়ার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণের সামগ্রী সরবরাহে ঘুষ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের বেলটিয়া এলাকায় ওই বিভাগের তালিকাভুক্ত ৬০ জন ঠিকাদার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ঠিকাদারেরা নির্বাহী প্রকৌশলীকে জামালপুর থেকে দ্রুত অপসারণ করা না হলে ১১ অক্টোবর থেকে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণকাজ বন্ধ করার ঘোষণা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জামালপুরের ঠিকাদার মো. মজিবর রহমান লিখিত বক্তব্যে অভিযোগ করেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তালিকাভুক্ত ৬০ জন ঠিকাদার জামালপুর ও শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির লাইন নির্মাণসহ বিভিন্ন কাজ করে আসছেন।
কিন্তু আবদুস ছোবহান মিয়া দীর্ঘদিন ধরে ওই ঠিকাদারদের কাছ থেকে বিদ্যুতের খুঁটি, তার ও ট্রান্সফরমারসহ লাইন নির্মাণের যাবতীয় মালামাল সরবরাহের জন্য ঘুষ নিয়ে আসছেন। তাঁকে (নির্বাহী প্রকৌশলী) ঘুষের টাকা না দিলে ওই সব মালামাল সরবরাহ বন্ধ করে দেন।
লিখিত বক্তব্যে আরও অভিযোগ করা হয়, ওই প্রকৌশলীকে তাঁর চাহিদামতো টাকা না দিলে তিনি ঠিকাদারদের নানাভাবে হয়রানিসহ লাইসেন্স বাতিলেরও হুমকি দিয়ে আসছেন। নির্বাহী প্রকৌশলীকে জামালপুর থেকে দ্রুত অপসারণ করা না হলে ১১ অক্টোবর থেকে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণকাজ বন্ধ করার ঘোষণা দেন ঠিকাদারেরা।
আবদুস ছোবহান মিয়া তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিভিন্ন সময় ওই সব ঠিকাদারের দুর্নীতি-অনিয়মের প্রতিবাদ করায় তাঁরা আমার বিরুদ্ধে ওই সব অভিযোগ করেছেন। ওই সব অভিযোগে কোনো ভিত্তি নেই।’