জামালপুরে চোরাকারবারিদের নৌকায় অভিযান, পুলিশ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনা নদীতে চোরাকারবারিদের নৌকায় অভিযানের সময় শ্যামল চন্দ্র নামের একজন পুলিশ সদস্য পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। পুলিশ তিনজন চোরাকারবারিকে আটক এবং তাদের নৌকাটি জব্দ করেছে।আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের আমিরুল ইসলাম এবং কুড়িগ্রামের দবির মোল্লা ও আইনুল হক। অভিযানের সময় চোরাকারবারিদের নৌকার পাটাতনের নিচ থেকে ইউরিয়া সারের বস্তাবোঝাই ৩১৫ বোতল ভারতীয় তৈরি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামপুরের বাহাদুরাবাদ নৌ-থানার সহ-দারোগা আনোয়ার হোসেনের নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য স্থানীয় মুরাদাবাদ এলাকার হরিণধরা চরের যমুনার পাড় থেকে নদীর ভেতরে চোরাকারবারিদের নৌকায় অভিযান চালান। চোরাকারবারিদের নৌকা আটক করে ওই নৌকায় ওঠার পরপরই চোরাকারবারিদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় পুলিশ সদস্য শ্যামল চন্দ্র গভীর নদীর পানিতে পড়ে যান। পুলিশ ৩১৫ বোতল ফেনসিডিলসহ তিন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয়।ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম গতকাল রাত সোয়া ১০টায় প্রথম আলোকে বলেন, ফেনসিডিল ব্যবসায়ীদের নৌকায় ওঠার সময় তাদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে পুলিশ সদস্য শ্যামল চন্দ্র গভীর নদীর পানিতে পড়ে নিখোঁজ হন। তাঁকে খোঁজা হচ্ছে।