জামালপুরে ছাত্রদের কাঁধে হাঁটা আসামিদের শাস্তি দাবি
জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের কাঁধে হাঁটার ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জেলা শিশু সুরক্ষা কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
শহরের দয়াময়ী এলাকায় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলা শিশু সুরক্ষা কমিটি, দুর্নীতি প্রতিরোধ কমিটি, জামালপুর জেলা মানবাধিকার সংগঠন, জামালপুর পরিবেশ রক্ষা আন্দোলন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
জামালপুরের মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংস্কৃতিকর্মী সাযাদ আনছারী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী, জেলা সমাজতান্ত্রিক দলের সভাপতি আমির উদ্দিন, সাংবাদিক মোস্তফা বাবুল, আনোয়ার হোসেন মিন্টু, মোস্তফা মনজু ও ফজলে এলাহি মাকাম প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের কাঁধে হেঁটে যাওয়া চরম শাস্তিযোগ্য অপরাধ। এটি শিশুর প্রতি চরম সহিংসতার উদাহরণ।
দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষণা দেন বক্তারা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম বলেন, ঘটনাটি চারদিকে ছড়িয়ে পড়ার কারণে আসামিরা আত্মগোপনে চলে গেছে। তাঁদের গ্রেপ্তারে মাঠে অব্যাহতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যেই তাঁদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, ২৯ জানুয়ারি মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা একটি মানব সেতু নির্মাণ করে। সেই মানব সেতুর ওপর দিয়ে হেঁটে যান অনুষ্ঠানের অতিথি এবং বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন ওরফে প্রিন্স। বুধবার রাতে তাঁর মানব সেতুর ওপর হেঁটে যাওয়ার ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। ওই ঘটনায় গত বৃহস্পতিবার রাতে দিলদার হোসেনসহ চারজনকে আসামি করে একটি মামলা হয়েছে।
আরও পড়ুন: