জামালপুরে ছাত্রশিবিরের অনুষ্ঠানে যুবলীগের হামলার অভিযোগ
জামালপুর শহরের সরদারপাড়ায় স্থানীয় যুবলীগের নেতা-কর্মীদের বাধার মুখে গতকাল মঙ্গলবার ইসলামী ছাত্রশিবিরের একটি সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে বলে ছাত্রশিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।জানা গেছে, জেলা ইসলামী ছাত্রশিবির গতকাল সকাল ১০টায় হিলফুল ফুযুল ট্রাস্ট কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করে। একই সময় জেলা যুবলীগ ট্রাস্টের নিকটবর্তী মসজিদে ‘নিমতলী ট্র্যাজেডি’র স্মরণে মিলাদ মাহফিলের ঘোষণা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবলীগের কর্মীরা জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। তাঁরা মিছিল নিয়ে হিলফুল ফুযুল ট্রাস্ট কার্যালয়ে হামলা চালিয়ে ট্রাস্টের সাইনবোর্ড খুলে পুকুরে ফেলে দেন এবং কিছু আসবাবপত্র ভাঙচুর করেন। তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাঈম রহমান প্রথম আলোকে বলেন, ‘সংগঠনের কোনো কর্মী ট্রাস্টে হামলা করেনি। ট্রাস্টের লোকেরাই সেখানে ভাঙচুর করেছে।’