বজ্রপাতে গত সোমবার ভোরে বিকল হওয়া জামালপুর পিডিবির ৩৩ কেভি বিদ্যুৎ উপ-সঞ্চালন কেন্দ্রের মেরামতকাজ চলছে। ক্ষতিগ্রস্ত সঞ্চালন কেন্দ্রটি মেরামতের জন্য যন্ত্রপাতি চেয়ে জামালপুর পিডিবি থেকে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় পিডিবির চেয়ারম্যানের কাছে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩৩ কেভি বিদ্যুৎ উপ-সঞ্চালন কেন্দ্র বিকল হওয়ায় জামালপুর জেলায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ উপ-সঞ্চালন কেন্দ্রটি সচল করতে বেশ কয়েক দিন সময় লাগবে বলে শেরপুর উপ-সঞ্চালন কেন্দ্র থেকে জামালপুরে সাময়িক বিদ্যুৎ সরবরাহের চেষ্টা চলছে। জামালপুরের ৩৩ কেভি সঞ্চালন কেন্দ্র থেকে শেরপুর জেলায় প্রতিদিন গড়ে ৬ থেকে ৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। কিন্তু কেন্দ্রটি বিকল হওয়ায় শুধু জামালপুর শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। গতকাল ভোর পাঁচটা থেকে বিকেল চারটা পর্যন্ত আবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পিডিবির পক্ষ থেকে গতকাল দুপুরে শহরে মাইকিং করে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসি, ওয়েল্ডিং, মিল-কলকারখানা বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।