জামালপুরে জেএসসি পরীক্ষার্থী নিখোঁজ
জামালপুরের ইসলামপুর উপজেলায় স্থানীয় নেকজাহান উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী আনোয়ার হোসেন (১৪) নিখোঁজ হয়েছে। ১১ নভেম্বর বিকেলে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রের মা আফরোজা বেগম বাদী হয়ে ১৪ নভেম্বর ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। গতকাল শনিবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা গেছে, নিখোঁজ আনোয়ার হোসেন দেওয়ানগঞ্জ উপজেলার টাবুরচর গ্রামের দরিদ্র কৃষক মোস্তফা কামালের ছেলে। সে ইসলামপুর উপজেলার ভেঙ্গুরা গ্রামে নানা এমাল সেকের বাড়িতে থেকে নেকজাহান উচ্চবিদ্যালয়ে লেখাপড়া করে। ওই ছাত্রের মা আফরোজা বেগম প্রথম আলোকে বলেন, ৪ নভেম্বর শুরু হওয়া জেএসসি পরীক্ষায় আনোয়ার ছয়টি পরীক্ষায় অংশ নিয়েছে। ১১ নভেম্বর সে গণিত পরীক্ষা শেষে বাড়িতে চলে যায়। দুপুরের খাবার খেয়ে সে তার ছোট বোন পূর্ণিমার কাছ থেকে ২০ টাকা নিয়ে বই কিনবে বলে বন্ধুদের সঙ্গে ইসলামপুর বাজারে যায়। এর পর থেকে সে নিখোঁজ রয়েছে। ইসলামপুর নেকজাহান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা ডিহিদার প্রথম আলোকে বলেন, ‘আনোয়ার ছয়টি পরীক্ষায় অংশ নিয়েছে।’ ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ছাইদুর রহমান জানান, ‘স্কুলছাত্র আনোয়ার হোসেনের নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি।’