জামালপুরে জেলা বিএনপির কার্যালয় লক্ষ্য করে গুলি
জামালপুরে গতকাল শুক্রবার রাতে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, জেলা বিএনপির সাবেক আহ্বায়কের কার্যালয় ভাঙচুর এবং দুটি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খানসহ ১১ জনকে আটক করেছে।জানা গেছে, বিএনপি ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে জেলা ছাত্রদলের একাংশ গতকাল বিকেলে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমাবেশ ডাকে। ছাত্রদলের আরেকটি অংশ একই স্থানে একই সমাবেশ ডাকে। এ নিয়ে উত্তেজনার একপর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং সমাবেশ পণ্ড হয়ে যায়।এর জের ধরে গতকাল রাত সাড়ে আটটার দিকে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন মল্লিকের সমর্থকেরা শহরের স্টেশন বাজারে জেলা বিএনপির কার্যালয়ে হামলার উদ্দেশ্যে জড়ো হয়। এ সময় তারা দুটি গুলি ছোড়ে। এ নিয়ে সেখানে আতঙ্ক দেখা দেয়। এর কিছুক্ষণ পর বিএনপির কার্যালয়ে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলীর সমর্থকেরা শহরের স্টেশন রোডে প্রতিপক্ষ আমজাদ হোসেন মল্লিকের বাসাসংলগ্ন জেলা বিএনপির সাবেক কার্যালয়ে হামলা চালায়। তারা ওই কার্যালয়ের চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাব ভাঙচুর করে। পুলিশ এ ঘটনায় জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খানসহ ১১ জনকে আটক করেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। রাতে জেলা বিএনপির কার্যালয়সহ স্টেশন রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির কার্যালয়ের সামনে দুটি গুলি হওয়ার কথা শুনেছি। পুলিশি টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।