জামালপুরে জেলে সম্প্রদায়ের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

জামালপুর সদর উপজেলার শরিফপুর এলাকায় শনিবার রাতে জেলে সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রোববার পার্শ্ববর্তী মির্জাপুর এলাকার সাতজনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা হয়েছে।
এজাহার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে শরিফপুর এলাকার ব্যাপারীপাড়ায় ক্যারাম খেলাকে কেন্দ্র করে ওই এলাকায় মুহাম্মদ রায়হান ও মির্জাপুর এলাকার রবিন মিয়ার মধ্যে ঝগড়া হয়। বিষয়টি মীমাংসার জন্য বুধবার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সালিস বসে। এ সময় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় গত শুক্রবার মির্জাপুরের শামসুদ্দীন ফজল বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। এতে শরিফপুর গ্রামের ১৫ জনকে আসামি করা হয়। ওই দিনই পুলিশ মো. জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। শনিবার রাত ১০টার দিকে মির্জাপুর এলাকার দুই শতাধিক লোক বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে শরিফপুর এলাকায় জেলে সম্প্রদায়ের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তারা নায়েব আলী ও বাবুল মিয়ার মুদিদোকানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া শরিফপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মামুনূর রশিদের একটি দোকান ও বাড়ি, জুয়েল রানার বাড়ি এবং খাজু মিয়া, মো. বাসানী ও জাহিদুল ইসলামের দোকানে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় গতকাল নায়েব আলী মির্জাপুর এলাকার সাত ব্যক্তির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের নামে থানায় মামলা করেন।
শরিফপুর ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বলেন, তাঁরা দুই পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিলেন। মীমাংসা হওয়ার আগেই মির্জাপুরের লোকজন সভা থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শিগগিরই দুই পক্ষকে নিয়ে আবারও বৈঠকে বসা হবে।
শরিফপুর গ্রামের মুহাম্মদ বুরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পুলিশি গ্রেপ্তার এড়াতে গ্রামের পুরুষেরা পালিয়ে বেড়াচ্ছেন। ওই সুযোগে গত শনিবার রাতে মির্জাপুর গ্রামের লোকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের গ্রামে হামলা চালায়। তারা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে।’
তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করে মির্জাপুর গ্রামের আমিনুল ইসলাম বলেন, ‘ওই সংঘর্ষের ঘটনায় গত শনিবার রাতে মির্জাপুর ঈদগাহ মাঠে আমরা বৈঠক করছিলাম। সেই বৈঠক থেকে অনেক লোক ওই রাস্তা দিয়ে শরিফপুর বাজারে গিয়েছিলেন। সেখানে হামলা বা লুটপাট হয়নি।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।