জামালপুরের বকশীগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার ওপর দিয়ে গতকাল বুধবার কালবৈশাখী বয়ে গেছে৷ ঝড়ের সময় দেয়ালচাপা পড়ে বকশীগঞ্জে দুজন নিহত হয়েছে৷ শতাধিক ব্যক্তি আহত ও কয়েক শ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে৷
একই দিন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় আকস্মিক ঝড়ে ২৭টি ঘরবাড়ি িবধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে শিশু, নারী, পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের প্রতিিনধিদের পাঠানো খবর:
জামালপুর: বকশীগঞ্জের বগারচর ইউনিয়নের সারমারা, নয়াপাড়া, ধারারচর ও গোপালপুর গ্রামের ওপর দিয়ে বেলা ১১টার দিকে প্রচণ্ড গতিতে ঝড় বয়ে যায়। এ সময় সারমারা পূর্ব বাজারে দেয়ালধসে সারমারা গ্রামের আবুল কালাম (৫০) ও মাসুম (২৮) মারা যান৷ আহত হন ওই গ্রামের করিমুল, শরিফ, শফিউর, আমজাদ, বিজয়, শাকিল, সয়েদ আলী, হাসেন আলী, ইয়াছিন, ফজল করিম, মোতালেব, রুমি ও আশামণিসহ শতাধিক লোক। ঝড়ে ৫০টি দোকানঘর ও পাঁচ শতাধিক কাঁচা-পাকা ঘর লন্ডভন্ড হয়ে যায়। বিপর্যস্ত হয় বিদ্যুৎব্যবস্থা। ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাকা বোরো ফসলের। কলাবাগান, ভুট্টাবাগানেরও ক্ষতি হয়েছে। বকশীগঞ্জ-সানন্দবাড়ী সড়কে বহু গাছ উপড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলায়ও ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান, পুলিশ সুপার নজরুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রউফ তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদ হোসেন খান দুর্গত এলাকা পরিদর্শন করেন। সরকারি তহবিল থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়৷
সরিষাবাড়ী (জামালপুর): উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর পূর্বপাড়া গ্রামের ওপর দিয়ে সকাল সাড়ে নয়টার দিকে ঝড় বয়ে যায়। এতে ভবানীপুর গ্রামের শতাধিক কাঁচা-পাকা ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়। এ ছাড়া শতাধিক গাছ ভেঙে পড়ে। ঘরে চাপা পড়ে ও টিনের আঘাতে কমপক্ষে ১০ জন আহত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল ইসলাম জানান, সাহায্যের জন্য জেলা প্রশাসকের বরাবরে আবেদন করা হয়েছে।
ধরমপাশা (সুনামগঞ্জ): উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ফজলুর রহমান জানান, বেলা একটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বইতে শুরু করে। এরপর ১০ মিনিটের ঝড়ে জারারকোনা গ্রামের ২৭টি ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা জামালগঞ্জের ইউএনও এস এম শফি কামাল প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমি শুনেছি৷ শিগগিরই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
ব্রাহ্মণবাড়িয়া: বেলা একটার দিকে নাসিরনগর উপজেলার ধানতুলিয়া গ্রামের মৃত ফরিদ উদ্দিনের মেয়ে হ্যাপী বেগম (১৪) উঠানে কাজ করছিল৷ এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই হ্যাপী মারা যায়। বেলা দেড়টার দিকে ছেদিয়ারকান্দি গ্রামের সুরত আলী (৩৫) বাজারে যাচ্ছিলেন৷ পথে বজ্রপাতে তাঁর মৃত্যু হয়৷
চাতলপাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবদুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।