জামালপুরে টমেটো চাষে এসেছে সুদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষিশ্রমিকেরা খেত থেকে টমেটো তুলে বিক্রির জন্য ঝুড়িতে সাজিয়ে রাখছেন। গত রোববার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে তোলা ছবি l প্রথম আলো
কৃষিশ্রমিকেরা খেত থেকে টমেটো তুলে বিক্রির জন্য ঝুড়িতে সাজিয়ে রাখছেন। গত রোববার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজার থেকে তোলা ছবি l প্রথম আলো

জামালপুর সদর উপজেলার পূর্বাঞ্চলে গ্রামের পর গ্রামের মাঠজুড়ে শুধু টমেটো আর টমেটো। চরাঞ্চল হিসেবে পরিচিত এসব গ্রামের লোকজন টমেটো চাষকে তাঁদের অন্যতম পেশা হিসেবে বেছে নিয়েছেন। টমেটো চাষ করে অনেক কৃষকের পরিবারে সচ্ছলতা ফিরে এসেছে।
টমেটোচাষিরা জানান, সদর উপজেলার পাঁচটি ইউনিয়নের ছয় হাজার কৃষক টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। টমেটোর সবচেয়ে বড় বাজার নান্দিনা। নান্দিনা বাজার থেকে প্রতিদিন ১০ হাজার মণ টমেটো ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। গত মাসে ৮০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে। বাজারে সরবরাহ বেশি থাকায় এখন ৬০০ থেকে ৭০০ টাকায় প্রতি মণ বিক্রি হচ্ছে।
জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, উপজেলার লক্ষ্মীরচর, তুলসীরচর, রানাগাছা, শরিফপুর ও নরুন্দি ইউনিয়নের ৩৭ গ্রামের ৬ হাজার কৃষক ব্রহ্মপুত্র নদের তীরের চরগুলোর ১ হাজার ৩০০ হেক্টর জমিতে টমেটো চাষ করেছেন। প্রতি ২ দশমিক ৪৭ একরে ৪০ মেট্রিক টন টমেটো চাষ হয়। প্রথম দিকে মণপ্রতি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় টমেটো বিক্রি হয়েছে।

গত রোববার বিকেলে সরেজমিনে দেখা যায়, নান্দিনা বাজারের বিশাল মাঠজুড়ে শুধু টমেটো আর টমেটো। শতাধিক নারী-পুরুষ শ্রমিক টমেটো বিক্রির জন্য স্তূপ করে রাখার কাজে ব্যস্ত সময় পার করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা টমেটোর পাইকারেরা টমেটোর ট্রাকভর্তিতে ব্যস্ত।

আকলিমা আক্তার নামের এক শ্রমিক বলেন, ‘তিন মাস এই বাজারে আমার মতো দরিদ্র শতাধিক নারী টমেটোর কাজ করেন। আমরা পাইকারদের কেনা টমেটো খাঁচায় ভর্তি করি। এতে প্রতিদিন ২০০ টাকা করে পাই।’

নরুন্দি ইউনিয়নের মানিকের চরের কৃষক জাহাঙ্গীর আলম বলেন, তিনি এবার এক বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এতে তাঁর ৩০ হাজার টাকা খরচ হয়েছে। এ পর্যন্ত তিনি প্রায় ৩৩ হাজার টাকার টমেটো বিক্রি করেছেন। তাঁর জমিতে যে পরিমাণ টমেটো রয়েছে, তা আরও প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন।

নরসিংদী জেলার বাবুরহাট এলাকার পাইকার নাছিরুল হক বলেন, জামালপুরের টমেটো দেখতেই সুন্দর নয়, খেতেও সুস্বাদু। বাবুরহাট এলাকায় এই টমেটোর চাহিদা বেশি। প্রতিবছর নান্দিনা বাজার থেকে প্রায় প্রতিদিনই ২০০ থেকে ৩০০ মণ টমেটো কিনে নিয়ে যান। রোববার তিনি ৮৫ মণ টমেটো কিনছেন। টমেটোগুলো ৫০০ থেকে ৬০০ টাকা মণ দরে কিনেছেন। তাঁর এলাকায় তিনি ৮০০ থেকে সাড়ে ৯০০ টাকা মণ বিক্রি হবে বলে তিনি আশা করেন। এতে পরিবহনসহ অন্যান্য খরচ বাদে প্রতি ট্রাকে তাঁর ৪ থেকে ৫ হাজার টাকা লাভ হবে।

 নান্দিনার টমেটোর হাটের ইজারাদার আবু কাউছার বলেন, টমেটো চাষ করে এখন কৃষকেরা ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন। তাঁদের চাষকৃত টমেটো এখন প্রতিদিন দেশের নানা প্রান্তে চলে যাচ্ছে। নান্দিনা বাজারে প্রতিদিন কমপক্ষে ১৫ হাজার মণ টমেটো বিক্রি হয়। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নান্দিনার টমেটোর বাজার কর্মচঞ্চল থাকে। প্রতিদিন ৪০ থেকে ৫০ লাখ টাকার টমেটো কেনাবেচা হয় এই বাজারে।

 জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত ইকরাম বলেন, সদর উপজেলার পূর্বাঞ্চলে ব্রহ্মপুত্রের বিস্তীর্ণ চরাভূমিতে টেকসই ফসল এখন টমেটো। গত ডিসেম্বর থেকে টমেটো বিক্রি শুরু হয়েছে; চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। প্রতি বিঘায় একজন চাষি খরচ বাদে এ বছর ২০ থেকে ৩০ হাজার টাকা লাভ করতে পারবেন। টমেটো চাষে করে অনেক কৃষকের সচ্ছলতা ফিরে এসেছে।