জামালপুরে ট্রাকচাপায় স্কুলের প্রধান শিক্ষক নিহত
জামালপুর সদর উপজেলার পৌর শহরে ট্রাকের চাপায় এক স্কুলের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের পাঁচরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৪৮) জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোপালপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিক্ষক রফিকুল ইসলাম জামালপুর পৌর শহরে পরিবার নিয়ে থাকতেন। আজ বেলা ১১টার দিকে তিনি স্কুলে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে বদরুল ইসলাম নামের আরেকজন ছিলেন। তিনি মোটরসাইকেলের পেছনে বসেছিলেন। শহরের কলেজ রোডের পাঁচরাস্তা মোড় এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মারা যান। বদরুল ইসলাম গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটকায়। খবর পেয়ে পুলিশ এসে ট্রাকের চালক নজরুল ইসলামকে (৩০) আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল ইসলাম বলেন, এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে। নিহত শিক্ষকের ভাই রবিউল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।