জামালপুরে ট্রেন-ইজিবাইকের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহের শ্যামপুর নয়ানগর এলাকায় লেভেল ক্রসিং পার হওয়ার সময় আজ সোমবার ট্রেনের ধাক্কায় ইজিবাইকের ছয় যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন পরিদর্শক সাজ্জাদ হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জামালপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, ওই লেভেল ক্রসিংটি অবৈধ ছিল। লেভেল ক্রসিংটি করার জন্য রেলওয়ে বিভাগ থেকে কোনো অনুমতি ছিল না। ইজিবাইক চালকের অসতর্কতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন পরিদর্শক সাজ্জাদ হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। নিহতের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। নিহতরা হচ্ছেন ওই উপজেলার শ্যামপুর গ্রামের জরিনা খাতুন (৪৫), তাঁর ছেলে ইজিবাইক চালক হাসু মিয়া (২৫) ও মেয়ে বৃষ্টি বেগম (২০)। এ ছাড়া উত্তর বালুর চর গ্রামের হাছনা বেগম (২৫), চিকুনা ধাসি (৪৪) মারা গেছেন। নিহত আরেকজন নারীর পরিচয় জানা যায়নি। আহতরা হচ্ছেন—উত্তর বালুর চরের ফরিদ উদ্দিন (৩৫) ও শ্যামপুর গ্রামের আব্দুল জলিল (৫০)।
নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে একই পরিবারের তিনজনের জন্য ৪০ হাজার টাকা ও বাকিদের ২০ হাজার টাকা করে দেওয়া হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা পৌনে দুইটায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি দেওয়ানগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
জামালপুর রেলওয়ে থানা ও স্থানীয়েরা বলেন, আজ সোমবার দুপুর দুইটার দিকে মেলান্দহ বাজার-নয়ানগর সড়কের লেভেল ক্রসিংয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনটি একটি ইজিবাইককে ধাক্কা দেয়। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ছেঁচড়ে ইজিবাইকটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান ও মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা জন কেনেডি জাম্বিল।
বেঁচে যাওয়া ইজিবাইকের যাত্রী মো. মশিউর রহমান বলেন, মেলান্দহ বাজার থেকে শ্যামপুর যাওয়ার জন্য প্রায় আটজন যাত্রী নিয়ে ইজিবাইকে যাচ্ছিল। কিন্তু লেভেল ক্রসিং এলাকার দুই পাশে বাড়ি-ঘর ও গাছপালা থাকায় ট্রেনটি দেখা যাচ্ছিল না। লেভেল ক্রসিংয়ের অতিক্রমের সময় কাছে গিয়ে বুঝতে পেরে ইজিবাইক থেকে লাফ দিয়ে নেমে গিয়ে প্রাণে রক্ষা পায়। তিনি আরও বলেন, রেলের জমিতে অবৈধভাবে যদি বাড়িঘর ও গাছপালা না থাকত, তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না।
নিহত জরিনা বেগমের মেয়ে মিনা বেগম বলেন, সকাল দশটার দিকে নয়ানগর এলাকার হাফেজ উদ্দিন মামার বাড়িতে বেড়াতে যান। পরে সেখানে ঘণ্টা খানিক থাকার পর মেলান্দহ বাজারে যান। সেখানে থেকে বাড়ি ফেরার পথে মা, ভাই ও বোন নিহত হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ভাই হাসু অল্প কিছুদিন আগে প্রায় এক লাখ টাকায় ইজিবাইকটি কেনেন।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা একই পরিবারের তিনজন নিহত হয়েছে। প্রাথমিকভাবে লাশ দাফনের জন্য একই পরিবারের তিনজনের জন্য ৪০ হাজার টাকা ও বাকিদের জন্য ২০ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।