জামালপুরে ট্রেন থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু
জামালপুরের মেলান্দহ উপজেলায় গতকাল বুধবার ট্রেন থেকে পড়ে মো. আসিফ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
আসিফ সদর উপজেলার কোজঘর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। সে নারকেলী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আসিফ ঈদের পরদিন মেলান্দহ উপজেলার শ্যামপুর এলাকায় নানাবাড়ি বেড়াতে যায়। গতকাল বাড়িতে ফেরার জন্য দুরমুট রেলস্টেশন থেকে বেলা তিনটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেনে ওঠে। ট্রেনে ভিড় থাকায় সে দরজায় দাঁড়িয়ে ছিল। ট্রেনটি ওই উপজেলার নয়ানগর এলাকায় পৌঁছালে আসিফ দরজা থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নানাবাড়ির লোকজন লাশ উদ্ধার করে।
আসিফের ফুফাতো ভাই বিপুল মিয়া বলেন, গতকাল দুপুরে কমিউটার ট্রেনের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিটকে পড়ে আসিফের মৃত্যু হয়। খবর পাওয়ার পর লাশ তার নানাবাড়িতে নিয়ে আসা হয়।
জামালপুর রেলওয়ে থানার (জিআরপি) ওসি আলাল উদ্দিন বলেন, ‘খবরটি শুনেছি। তবে লাশ খুঁজে পাওয়া যায়নি।’