জামালপুরে ট্রেনে কাটা তিনজনের লাশ উদ্ধার
জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার থেকে গতকাল সোমবার অজ্ঞাতনামা এক বৃদ্ধার এবং পৃথক স্থান থেকে ট্রেনে কাটা তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে মেলান্দহ উপজেলার দুরমুঠ রেলস্টেশনের আউটার সিগন্যালের কাছে ট্রেনে কাটা দুই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। মৃত দুই ব্যক্তি হলেন মিজানুর রহমান (২৬) ও তাঁর শ্যালক ছক্কু মিয়া (১৪)। মিজানুরের বাড়ি উপজেলার কলাবাঁধা গ্রামে। তাঁরা মাছ ধরার উদ্দেশে গত রোববার রাতে বাড়ি থেকে বের হন। এ ছাড়া ময়মনসিংহ-জামালপুর রেলপথের ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেলস্টেশনের কাছ থেকে ট্রেনে কাটা অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে জামালপুরের নান্দিনা রেলওয়ে স্টেশনের বিশ্রামাগার থেকে এক নারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। তাঁদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উসমান গনি প্রথম আলোকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ চারটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।