জামালপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১
জামালপুর সদর উপজেলার মিরাপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আসলাম হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছাত্তার বলেন, নিহত আসলাম সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের বিলপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে। গতকাল রাতে মিরাপুর এলাকায় ট্রেনে কাটা পড়েন তিনি। এরপর জামালপুর রেলওয়ে থানার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
মেলান্দহে লাশ উদ্ধার: জেলার মেলান্দহ উপজেলার বালিরভিটা এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (২৫) এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেলান্দহ থানার ওসি নাছিমুল ইসলাম বলেন, আজ বুধবার সকালে মেলান্দহ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।