জামালপুরে ট্রেনে কাটা পড়ে দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজন নিহত হয়েছেন। গত শনিবার রাতে জামালপুর রেলওয়ে স্টেশনে ও সদর উপজেলার নুরুন্দি স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে সায়েফ উদ্দিনের (৫৫) বাড়ি জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া গ্রামে। নিহত অন্যজন অজ্ঞাতপরিচয় এক নারী।
রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত আটটার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফর্মের সামনের লাইন পার হচ্ছিলেন সায়েফ উদ্দিন। এ সময় তিনি দেওয়ানগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি লোকাল ট্রেনের নিচে পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে জিআরপির সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান।
অন্যদিকে রাত সাড়ে আটটার দিকে জামালপুর সদর উপজেলার নুরুন্দি স্টেশন এলাকায় ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনগামী একটি লোকাল ট্রেনে কাটা পড়ে এক নারী মারা যান। এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরুল ইসলাম মজুমদার গতকাল রোববার জানান, গতকাল সায়েফ উদ্দিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নারীর লাশ মর্গে রয়েছে। দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।