জামালপুরে ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু
জামালপুর পৌর শহরের পশ্চিম নয়াপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে সালমা বেগম (৪০) ও তাঁর চার বছরের ছেলে ফাজবীর আহম্মেদের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা ট্রেনে কাটা পড়েন তাঁরা।
সালমা ১০ বছর ও ৪ বছর বয়সী দুই ছেলেকে নিয়ে শহরের দেওয়ানপাড়া এলাকায় নিজের বাড়িতে থাকতেন। তাঁর স্বামী নূর আলম তিন বছর ধরে সৌদি আরবে রয়েছেন।
সালমার পাশের বাড়িতেই থাকেন তাঁর ভাগনি জান্নাত। তিনি বলেন, ‘ব্যাংক থেকে টাকা তোলার কথা বলে সকাল সাড়ে ১০টার দিকে মামি বাসা থেকে বের হন। হঠাৎ বিকেল বেলায় তাঁর মোবাইল থেকে ফোন আসে মামি ট্রেনে কাটা পড়েছেন। কী কারণে সেখানে তিনি গিয়েছিলেন তা জানি না।’ এটি দুর্ঘটনা না আত্মহত্যা এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন চৌধুরী বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্তের পর বোঝা যাবে এটা দুর্ঘটনা না আত্মহত্যা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছে।