জামালপুরে ট্রেনে কাটা শিক্ষিকার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর রেলওয়ে থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার কেন্দুয়া কালীবাড়ি রেলক্রসিংয়ের কাছ থেকে নওশীন ইয়াসমিন (২২) নামের এক তরুণীর ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে।জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ওই তরুণী জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করতেন। তাঁর বাড়ি সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামণি গ্রামে। স্থানীয় লোকজন গতকাল শুক্রবার ভোর ছয়টার দিকে কেন্দুয়া কালীবাড়ি রেলক্রসিংয়ের কাছে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠিয়েছে। ওই তরুণীর বাসা থেকে পুলিশ ব্যক্তিগত পাঁচটি ডায়েরি জব্দ করেছে। ঘটনার রাতে তাঁর মা বাড়িতে ছিলেন না। নওশীনের দরিদ্র বাবা শামছুল হক ও তাঁর এক ভাই গুরুতর অসুস্থ। নওশীনের এ পরিণতি সম্পর্কে তাঁরাও কিছু বলতে পারছেন না। ওই তরুণী আত্মহত্যা করেছেন, না তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা রেললাইনের ওপর লাশ ফেলে রেখে গেছে, পুলিশ তা তদন্ত করে দেখছে।জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, লাশের সুরতহালের সময় তরুণীর গলা ও ঘাড় প্রায় বিচ্ছিন্ন অবস্থায় দেখা গেছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।