জামালপুরে ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীদের দুর্ভোগ
জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ইঞ্জিন গতকাল রোববার বিকেলে বিকল হয়ে যায়। তিন ঘণ্টা পর ট্রেনটির ইঞ্জিন ঠিক হলে এটি নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। এতে কর্মস্থলমুখী যাত্রীরা দুর্ভোগে পড়েন।
জামালপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, ঢাকাগামী কমিউটার-২ ট্রেনটি গতকাল বেলা তিনটার দিকে জামালপুর শহরের শেখের ভিটা এলাকায় পৌঁছালে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে দেওয়ানগঞ্জ থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এসে ওই ট্রেনটিকে জামালপুর স্টেশনে আনে। জামালপুর রেলস্টেশনে বিকল হওয়া ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করা হয়। ইঞ্জিনটি ঠিক না হওয়ায় ময়মনসিংহ থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন দিয়ে এটি ঠিক করা হয়। পরে প্রায় তিন ঘণ্টা দেরিতে সন্ধ্যা ছয়টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা করে। তিন ঘণ্টা ট্রেন বিলম্বে যাত্রা করায় জামালপুর, নান্দিনা, নরুন্দি, পিয়ারপুর ও বিদ্যাগঞ্জ স্টেশনে শত শত যাত্রী দুর্ভোগে পড়েন।
জামালপুরের রেলওয়ের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী আবদুল আওয়াল বলেন, দেওয়ানগঞ্জ থেকে ছাড়ার পর জামালপুর স্টেশনের আউটার সিগনালের আগে শেখের ভিটা এলাকায় ট্রেনের ইঞ্জিনের কুলিংফ্যান নষ্ট হয়ে যায়। ফলে ইঞ্জিনটি বন্ধ হয়ে যায়। জামালপুর রেলস্টেশনের মাস্টার মো. জহুরুল ইসলাম বলেন, ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় প্রায় কয়েক কয়েক হাজার যাত্রী দুর্ভোগে পড়েন।