জামালপুরে ট্রেনের ছাদ থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল বুধবার একটি আন্তনগর ট্রেনের ছাদ থেকে আসাদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া তাঁর সহযাত্রী সোহেলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা আসাদকে খুন করেছে। জামালপুর রেলওয়ে থানার পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস গতকাল বেলা আড়াইটার দিকে জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এ সময় কর্তব্যরত পুলিশ ট্রেনটির ছাদ থেকে আসাদের (৩০) লাশ এবং তাঁর সহযাত্রী সোহেলকে আহতাবস্থায় উদ্ধার করে। তাঁদের উভয়ের বাড়ি জামালপুর সদর উপজেলার কালিদহেরপাড় এলাকায়। তাঁরা ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। আসাদের লাশ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সোহেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এদিকে মঙ্গলবার রাতে ময়মনসিংহের কিসমতপুর এলাকায় একটি ট্রেনের ছাদ থেকে পড়ে আজাহার আলী (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তাঁর বাড়ি শেরপুর জেলায়। জামালপুর জিআরপি থানার পুলিশ গতকাল তাঁর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।