জামালপুরে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহত
জামালপুরে ট্রেনের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার ছয় আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই আরোহী। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। গতকাল সোমবার বেলা দুইটার দিকে মেলান্দহ বাজারের নয়ানগর সড়কের লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পরিবহন পরিদর্শক সাজ্জাদ হোসেনকে প্রধান করে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার শ্যামপুর গ্রামের জরিনা খাতুন (৪৫), জরিনার ছেলে ও অটোরিকশাটির চালক হাসু মিয়া (২৫), জরিনার মেয়ে বৃষ্টি বেগম (২০), উত্তর বালুরচর গ্রামের বাসিন্দা হাছনা বেগম (২৫), চিকুনা ধাসি (৪৪) এবং অজ্ঞাতপরিচয় একজন নারী (৪৪)। আহত ব্যক্তিরা হলেন নিহত হাছনা বেগমের স্বামী ফরিদ উদ্দিন (৩৫) ও শ্যামপুর গ্রামের বাসিন্দা আবদুল জলিল (৫০)।
জামালপুর রেলওয়ে থানা ও অটোরিকশাটির বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেলান্দহ বাজার-নয়ানগর সড়কের লেভেল ক্রসিংয়ে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী একটি কমিউটার ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ছেঁচড়ে অটোরিকশাটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।
অটোরিকশাটির বেঁচে যাওয়া যাত্রী মো. মশিউর রহমান বলেন, তিনি তাঁর শিশুপুত্রকে কোলে নিয়ে অটোরিকশাটিতে যাচ্ছিলেন। লেভেল ক্রসিং এলাকার দুই পাশে বাড়িঘর ও গাছপালা থাকায় ট্রেনটি দেখা যাচ্ছিল না। লেভেল ক্রসিং অতিক্রমের সময় তিনি দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে ছেলেকে নিয়ে অটোরিকশা থেকে লাফ দিয়ে নেমে যান। তিনি বলেন, রেলের জমিতে অবৈধ বাড়িঘর ও গাছপালা না থাকলে হয়তো দুর্ঘটনাটি ঘটত না।
জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান বলেন, প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য একই পরিবারের তিনজনের জন্য ৪০ হাজার টাকা ও অন্যদের জন্য নগদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। রেলওয়ে থানার ওসি আলাউদ্দিন বলেন, পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
জামালপুর রেলওয়ে স্টেশনের মাস্টার জহুরুল ইসলাম বলেন, এ ঘটনায় রেলওয়ের পরিবহন পরিদর্শক সাজ্জাদ হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।