জামালপুরে ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর কোর্ট স্টেশনের কাছে গত সোমবার একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন এবং ইঞ্জিনসংলগ্ন পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে গতকাল মঙ্গলবার সারা দিন ঢাকা-দেওয়ানগঞ্জ পথে ট্রেন চলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শী, রেলওয়ে কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, কমিউটার ট্রেনটি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ যাচ্ছিল। রাত ১১টা ১০ মিনিটে এটি জামালপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। ১১টা ২৫ মিনিটের দিকে ট্রেনটি জামালপুর কোর্ট স্টেশনে ঢোকার সময় লাইন ক্লিয়ার পয়েন্টে ১৩টি বগির মধ্যে ইঞ্জিন ও ইঞ্জিনসংলগ্ন পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীরা লাফিয়ে নামার চেষ্টা করলে কমপক্ষে ৩০ জন আহত হয়।এ ঘটনায় গতকাল সারা দিন জামালপুর-দেওয়ানগঞ্জ পথে ট্রেন চলাচল বন্ধ থাকে। সন্ধ্যার দিকে বগিগুলো উদ্ধার করা সম্ভব হয়। সন্ধ্যা সোয়া সাতটার দিকে এই পথে ট্রেন চলাচল শুরু হয়। দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকার ঠিকাদার আহত মো. আনোয়ার হোসেন বলেন, ‘ট্রেনটি হঠাৎ বিকট শব্দ করে ঝাঁকুনি দিয়ে থেমে যায়। আমরা কয়েকজন দ্রুত লাফিয়ে পড়ি।’ট্রেনযাত্রী শাহ জামাল বলেন, দুর্ঘটনাস্থল অন্ধকার থাকায় দুর্বৃত্তরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মুঠোফোন সেট ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।লোকবলের সংকট থাকায় ক্ষোভ প্রকাশ করে কোর্ট স্টেশনমাস্টার মো. নূরুন্নবী প্রথম আলোকে বলেন, ‘আমি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এর পর কী হলো, তা আমার দেখার বিষয় নয়।’রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনা তদন্তে ঢাকা বিভাগীয় ট্রান্সপোর্টেশন কর্মকর্তা মো. নাজমুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। অন্য তিন সদস্য হলেন: ঢাকা বিভাগীয় মেকানিক্যাল প্রকৌশলী (লোকোমোটিভ) সাদেকুর রহমান, ঢাকা বিভাগীয় প্রকৌশলী মো. আরমান হোসেন ও সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন প্রকৌশলী মো. জাকারিয়া। তাঁরা গতকাল দুপুর থেকে তদন্ত শুরু করেছেন। প্রকৌশলী মো. আরমান হোসেন প্রথম আলোকে বলেন, তদন্ত শুরু হয়েছে। গতকাল সকালেই উদ্ধারকারী ট্রেন কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে, রাতের মধ্যে ট্রেন চলাচল শুরু হবে।