জামালপুরে তিন ইউপিতে প্রার্থী নেই বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে প্রার্থী দিতে পারেনি বিএনপি। দলের নেতারা বলছেন, আগের ধাপে অনুষ্ঠিত নির্বাচনে কারচুপি, হামলা ও মামলার ভয়ে অনেকেই প্রার্থী হতে চাননি।
চতুর্থ ধাপে আগামী ৭ মে বকশীগঞ্জ উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচন হবে। ইউপিগুলো হলো ধানুয়াকামালপুর, বগারচর, মেরুরচর, সাধুরপাড়া ও নীলক্ষিয়া। এর মধ্যে ধানুয়াকামালপুর, সাধুরপাড়া ও নীলক্ষিয়া ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী নেই।
নীলক্ষিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন, ধানুয়াকামালপুরে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মোকাদ্দেছ ও সাধুরপাড়া ইউনিয়নে উপজেলা বিএনপির সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপত্র কেনেন। কিন্তু ৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হলেও তাঁরা মনোনয়নপত্র জমা দেননি।
বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ বলেন, ‘অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে আঁতাত করে শেষ মুহূর্তে মনোনয়নপত্র জমা দেননি।’