জামালপুরে দরপত্র ক্রয়ে বাধা, হামলায় আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের সকাল বাজার ইজারার দরপত্র কিনতে গিয়ে এক দল ব্যবসায়ী আরেক দল ব্যবসায়ীর হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে পৌরসভার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ব্যবসায়ীরা হলেন সকাল বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সহসভাপতি শফিকুল ইসলাম ওরফে মধু, সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকরাম হোসেন, কমিটির উপদেষ্টা আজিজুল হক ও প্রচার সম্পাদক আনোয়ার হোসেন। তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও সকাল বাজারের ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গত ১ মার্চ শহরের সকাল বাজার এক বছরের জন্য ইজারার দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র কেনার শেষ দিন। এ দিন সকাল বাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাবুল আহম্মেদের নেতৃত্বে এক দল ব্যবসায়ী পৌরসভায় দরপত্র কিনতে যান। এ সময় সকাল বাজার ব্যবসায়ী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদের নেতৃত্বে ব্যবসায়ীদের আরেকটি দল তাঁদের ওপর হামলা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল বাজার কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘দরপত্র কিনতে গেলে শামীম আহম্মেদ ও তাঁর সমর্থকেরা আমাদের বাধা দেন। পরে রড ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করেন।’
শামীম আহম্মেদের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাশার মিয়া বলেন, তিনি (শামীম আহম্মেদ) গদিতে মুঠোফোন রেখে কোথায় যেন গেছেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, বাজারের ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দায়ের করেননি।