জামালপুরে দুই জেএমবি সদস্যের কারাদণ্ড
জামালপুরে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০০৭ সালের একটি বিস্ফোরক মামলায় গতকাল মঙ্গলবার জামালপুরের যুগ্ম জেলা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক ফাতেমা ইমরোজ এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার হাজীপুর কুমারগাতি গ্রামের কামরুল হাসান এবং সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের দক্ষিণ মধ্যপাড়া গ্রামের হাবিবুর রহমান। দুজনই জেলহাজতে রয়েছেন।
মামলা ও আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ২১ মার্চ রাতে সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজারে পুলিশের একটি দল ওই দুই জেএমবি সদস্যকে ধরতে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পুলিশের ওপর হাতে তৈরি গ্রেনেড ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ জেএমবির সদস্য কামরুল ও হাবিবুরকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়। এ ঘটনায় সরিষাবাড়ী থানায় ওই রাতেই দুজনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়।