জামালপুরে দুই শতাধিক পরিবার পানিবন্দী
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বাড়ায় জামালপুরের ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। এতে হাড়গিলা এলাকার ছয়টি গ্রামের দুই শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের প্রায় ৭০ একর ফসলি জমি।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যা ও ভাঙন থেকে রক্ষায় গত বছরের মার্চের প্রথম দিকে তিন কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ করা হয়। এতে গত বছর শত শত পরিবার রক্ষা পেলেও এবার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাঁধের মাঝামাঝি অংশে প্রায় ২০০ মিটার ভেঙে যায়। এতে ইউনিয়নের করিরতাইড়, নতুনপাড়া, রাজনগর, রামভদ্রা, তাততাপাড়া ও মাইজবাড়ি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
বন্যাকবলিত রাজনগর গ্রামের কৃষক মো. কবিরুল ইসলাম জানান, অনেক কষ্টে নির্মিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি গতকাল রাতে ভেঙে হু হু করে পানি ঢুকছে। এতে সদ্য রোপণ করা আমন ধান, পাট, কলার বাগানসহ বিভিন্ন সবজির খেত তলিয়ে গেছে।
নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মশিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম ও বিভিন্ন এনজিও সংস্থার সহযোগিতায় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হয়। গত বছর ১০টি গ্রামের মানুষ বন্যার হাত থেকে রক্ষা পায় এ বাঁধের কারণে। কিন্তু গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনার পানি বেড়ে বাঁধের প্রায় ২০০ মিটার ভেঙে ছয়টি গ্রামে পানি ঢুকে পড়েছে। জরুরি ভিত্তিতে দুই-একদিনের মধ্যে বাঁধটির ভাঙা স্থানে বালির বস্তা ফেলা না হলে বাঁধের বাকি অংশ রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। ফলে নতুন করে আরও বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে।
ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মতিয়ার রহমান বলেন, হঠাত্ বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙে যাওয়ায় ওই ইউনিয়নের প্রায় ৭০ একর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে কিছু অংশে আমন ধান, পাট, কলার বাগানসহ বিভিন্ন সবজি নষ্ট হচ্ছে।
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমুর রহমান বলেন, বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ভেঙে যাওয়া বাঁধের অংশটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।