জামালপুরে দুটি সিলিন্ডার বোমা উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কোয়ালিকান্দি গ্রাম থেকে গত শুক্রবার দুপুরে দুটি সিলিন্ডার বোমা উদ্ধার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) সদস্যরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব-১২-এর জামালপুর ক্যাম্প সূত্র জানায়, খবর পেয়ে শুক্রবার দুপুরে র‌্যাবের একটি দল মাদারগঞ্জের কোয়ালিকান্দি গ্রামের একটি বাড়ির পেছনে বাঁশঝাড়ের নিচে পাটকাঠির স্তূপের মধ্যে দুটি বোমাসদৃশ বস্তু দেখতে পায়। ওই দিন সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল কোয়ালিকান্দি গ্রামে পৌঁছে বোমা দুটি নিষ্ক্রিয় করে থানায় নিয়ে যায়।র‌্যাব-১২-এর জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক কামাল হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, বোমা দুটি স্থানীয়ভাবে তৈরি এবং খুবই শক্তিশালী। এটি মূলত অ্যালুমিনিয়াম সিলিন্ডার সার্কিট বোমা। একটির দৈর্ঘ্য ও পরিধি ১৪ সেন্টিমিটার। অন্যটির দৈর্ঘ্য ১০ দশমিক ৫০ সেন্টিমিটার এবং পরিধি ১৪ সেন্টিমিটার।পুলিশ সূত্রে জানা গেছে, বোমা রাখার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় কোয়ালিকান্দি গ্রাম থেকে স্থানীয় বাসিন্দা সফিউল আলম লেমন ও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা মদনপুর গ্রামের নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।এ ব্যাপারে র‌্যাব-১২ জামালপুর ক্যাম্পের উপসহকারী পরিচালক হাফিজ উদ্দিন বাদী হয়ে ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৪/৫/৬ ধারায় মাদারগঞ্জ থানায় মামলা করেছেন। মামলায় সফিউল, নজরুল ও শুকুর মিয়াকে আসামি করা হয়েছে। শুকুর মিয়া পলাতক রয়েছেন। তাঁর বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলার কাঠমা গ্রামে। মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, র‌্যাবের বিশেষজ্ঞ দল বোমা দুটি নিষ্ক্রিয় করেছে। নিষ্ক্রিয় বোমা দুটি থানা হেফাজতে রাখা হয়েছে।