জামালপুরে দেয়াল ধসে দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর শহরের মুকুন্দবাড়ি এলাকায় একটি বাড়ির দেয়াল ধসে আজ সোমবার দুপুরে দুই বালক নিহত হয়েছে।

নিহত বালকেরা হলো শহরের পালপাড়া এলাকার কেনতু মিয়ার ছেলে হীরা (১০) ও মুকুন্দবাড়ি এলাকার উজির আলীর ছেলে ইয়াছিন (৮)। হীরা শহরের বানিয়া বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও ইয়াসিন একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুকুন্দবাড়ি এলাকার একটি মাঠে ১০-১২ জন শিশু-কিশোর বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল। এ সময় মাঠসংলগ্ন গিয়াস উদ্দিনের বাড়ির দেয়াল ধসে পড়লে হীরা, ইয়াছিন ও পলাশ চাপা পড়ে। খবর পেয়ে জামালপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক হীরাকে মৃত ঘোষণা করেন।

এদিকে অবস্থা গুরুতর হওয়ায় ইয়াছিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন জামালপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতালে নেয়ার পথে বিকেল চারটার দিকে ইয়াসিনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত আরেক বালক পলাশ জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান মজুমদার প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।