জামালপুরে ধর্ষণের অপরাধে তিনজনকে যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজা
ধর্ষণ ও শ্লীলতাহানির অপরাধে জামালপুরে দিলদার হাসান শ্যামলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অন্য দুই আসামি সুরুজ ও মাসুদকে সাত বছর করে কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জামালপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোতাহার হোসেন এ রায় দেন।আদালত সূত্রে জানা গেছে, আসামিরা ২০০২ সালের ১ আগস্ট জামালপুর শহরের বেলটিয়া উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়সংলগ্ন তার এক সহপাঠীর বাড়ি থেকে ফেরার পথে ধর্ষণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা জামালপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ওই বছর ৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা। দীর্ঘ আট বছর পর ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর তিন আসামিকেই জেলা কারাগারে পাঠানো হয়েছে।