জামালপুরে ধর্ষণের শিকার শিশুটির মৃত্যু, অতঃপর...
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে ধর্ষণের শিকার হওয়ার নয় দিন পর শিশু তারিনের (৮) মৃত্যু হয়েছে। গত রোববার রাতে ইউনিয়নের পাতিলাকুড়া গ্রামের বাবার বাড়িতে তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী গতকাল সোমবার সদর উপজেলার জামতলি মোড়ে জামালপুর-টাঙ্গাইল সড়ক অবরোধ করে ধর্ষক ও ধর্ষণের ঘটনার আপসকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে, শিশু ধর্ষণের ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তারিনের নানা ও তিতপল্লার পশ্চিমপাড় দিঘুলী গ্রামের বাসিন্দা সবুর আলী প্রথম আলোকে জানান, পাতিলাকুড়া গ্রামের কৃষিশ্রমিক চান মিয়ার সঙ্গে তাঁর মেয়ে আন্না বেগমের বিয়ে হয়। তারিন গর্ভে থাকা অবস্থায় চান মিয়া আন্নাকে তালাক দেন। এর পর থেকে আন্না তাঁর বাড়িতে চলে আসেন। আন্না কয়েক মাস আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তারিন থেকে যায় তাঁর কাছে। তাঁর লালন-পালনের সামর্থ্য না থাকায় তারিন গ্রামের বাড়ি বাড়ি ঘুরে খাবার খেতো।সবুর আলী অভিযোগ করেন, ৮ এপ্রিল সন্ধ্যার আগ মুহূর্তে ধূলিঝড় শুরু হয়। এ সময় প্রতিবেশী দাদন ব্যবসায়ী হারুন অর রশিদ ওরফে হারুন খোঁড়া শিশু তারিনকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা তারিনকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। গ্রামবাসী জানান, এ ঘটনা গ্রামে জানাজানি হলে গ্রামের কয়েকজন সালিস করে তারিনের বাবা চান মিয়াকে মোটা অঙ্কের টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেন এবং তারিনকে পাতিলাকুড়ায় তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসার অভাবে শিশু তারিন গুরুতর অসুস্থ হয়ে পড়ে। রোববার গভীর রাতে তার মৃত্যু হয়। গতকাল তারিনের মৃত্যুর কথা ছড়িয়ে পড়লে পাতিলাকুড়ার ওই বাড়িতে কয়েক হাজার মানুষের ভিড় জমে। সকাল নয়টার দিকে ক্ষুব্ধ গ্রামবাসী জামালপুর-টাঙ্গাইল সড়কে টায়ার পুড়িয়ে এবং টেবিল দিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে বেলা ১১টা পর্যন্ত ওই সড়কে কোনো যানবাহন চলেনি। বেলা ১১টার দিকে পুলিশ সুপার আবদুর রাজ্জাকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ সুপার বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার কথা বললে এলাকাবাসী অবরোধ তুলে নেয়। পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক পুলিশের গাড়িতে করে তারিনের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে নেওয়া হয়। পুলিশ সুপার আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেছেন, তারিনকে ধর্ষণ ও তার মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবশ্যই গ্রেপ্তার করা হবে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রথম আলোকে জানান, শিশু তারিনের দাদি রওশন আরা নারী ও শিশু নির্যাতন দমন আইনে গতকাল সদর থানায় মামলা করেছেন। মামলায় ধর্ষণকারী হারুন অর রশিদ এবং ধর্ষণের পরে আপসরফা করে ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে হাবু মিয়া, জামাল উদ্দিন, আবদুল করিম, আলম মিয়া ও রিপনকে আসামি করা হয়েছে।