জামালপুরে ধান ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের হামলায় মোশারফ হোসেন (৪২) নামের এক ধান ব্যবসায়ী খুন হয়েছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বাট্টাজোড় গ্রামের নতুন বাজারে মোশারফ হোসেনের ধানের গুদাম রয়েছে। সোমবার রাত ১১টার দিকে তিনি তাঁর ভাই আবদুল খালেককে নিয়ে মোটরসাইকেলে করে গুদাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে ফকিরপাড়ায় একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে কিরিচ দিয়ে আঘাত করে। কিরিচের আঘাতে মোশারফ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর জখম হন আবদুল খালেক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কিরিচ ও মোশারফ হোসেনের মোটরসাইকেলটি উদ্ধার করেছে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন প্রথম আলোকে জানান, ময়নাতদন্ত শেষে মোশারফের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।