জামালপুরে নকল ধানবীজ জব্দ থানায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কামালখান মোড় থেকে পুলিশ ও কৃষি বিভাগের লোকজন ব্রি-২৮ ও ২৯ জাতের বিপুল পরিমাণ নকল ধানবীজ উদ্ধার করেছেন। গতকাল রোববার দুপুরে অভিযান চালিয়ে ওই ধানবীজ ও প্যাকেটজাত করার সরঞ্জাম উদ্ধার করা হয়।স্থানীয় কৃষকদের অভিযোগ, স্থানীয় বীজ ব্যবসায়ী গোলাম মোস্তফা ও আল-আমীন যৌথভাবে কামালখান মোড়ে ধানবীজের ব্যবসা করছেন। তাঁরা স্থানীয় হাটবাজার থেকে কম মূল্যে নিম্নমানের ভোজন ধান কিনে মধুপুরের কিষান সিড কোম্পানির প্যাকেট নকল করে ধানবীজ প্যাকেটজাত করে বিক্রি করে থাকেন। তাঁরা জামালপুরের বাইরেও দেশের বিভিন্ন জেলায় এই নকল ধানবীজ সরবরাহ করতেন। জানা গেছে, স্থানীয় লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার ও কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম পুলিশ নিয়ে কামালখান মোড়ে অভিযান চালান। এ সময় তাঁরা ১০ কেজি ওজনের ২০০ ব্যাগ এবং দুই কেজি ওজনের ৬৭২ ব্যাগ ব্রি-২৮ ও ২৯ জাতের নকল ধানবীজ ও প্যাকেটজাত করার সরঞ্জাম জব্দ করেন। জব্দ করা ধানবীজ ও অন্যান্য মালামাল স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের হেফাজতে রাখা হয়েছে। অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জামালপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে নকল ধানবীজ বাজারজাতকারী গোলাম মোস্তফা ও আল-আমীনকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা করেছেন। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার প্রথম আলোকে জানান, বীজ প্রত্যয়ন বিভাগের ছাড়পত্র ছাড়াই গোলাম মোস্তফা ও আল-আমীন ধানবীজগুলো বাজারজাত করে আসছেন। নকল ধানবীজ বাজারজাতকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।