জামালপুরে নতুন কমিটি করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির কার্যক্রম স্থগিত করে নতুন করে কমিটি করার দাবি জানানো হয়েছে। জেলার প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সমন্বয় কমিটির নেতারা গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
শহরের একটি রেস্তোরাঁয় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই সমন্বয় কমিটি এ সম্মেলন করে। এতে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আহ্ছানুল করিম।
সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। যাচাই-বাছাই নিয়ে জেলায় তেমন কোনো প্রচারণা চালানো হয়নি। হঠাৎ করে তাঁরা জানতে পারেন, কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে বিতর্কিত মুক্তিযোদ্ধারাও রয়েছেন। তাঁদের মধ্যে একজন হলেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ উপজেলার যাচাই-বাছাই কমিটির সভাপতি মাহবুবুল হক ওরফে বাবুল চিশতি। দীর্ঘদিন ধরে তাঁকে নিয়ে বিতর্ক চলছে। তারপরও তাঁকে যাচাই-বাছাই কমিটিতে রাখা হয়েছে।
এ ছাড়া জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য ও তাঁদের সহযোগীরা যাচাই-বাছাই কমিটিতে আছেন। অথচ তাঁরা নিজেরাই ভুয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছেন ও সহযোগিতা করছেন। তাঁরা এটা না করলে এখন যাচাই-বাছাই করতে হতো না। ফলে এই যাচাই-বাছাই কমিটি দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করা সম্ভব নয়। তিনি কমিটির কার্যক্রম স্থগিত করে সর্বস্তরের প্রকৃত মুক্তিযোদ্ধা ও এলাকাভিত্তিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের নিয়ে আলোচনার মাধ্যমে যাচাই-বাছাই কমিটি গঠন করার দাবি জানান।
সমন্বয় কমিটির সদস্য সিরাজুল হক বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে লাখ টাকার ‘বাণিজ্য’র কথা শোনা যাচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধারাই বেশি প্রভাবশালী। তাঁদের ভয়ে কেউ সাক্ষ্য দিতে সাহস পায় না।