জামালপুরে নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিখোঁজ পুলিশ সদস্য শ্যামল চন্দ্রের সন্ধান গতকাল বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া যায়নি। শ্যামলের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাশিমপুর গ্রামে। গত বুধবার রাতে ইসলামপুরের কুলকান্দি ইউনিয়ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে ফেনসিডিলসহ তিনজনকে আটক করে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের আমিরুল ইসলাম এবং কুড়িগ্রামের দবির মোল্লা ও আইনুল হক। এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা হয়েছে।পুলিশ জানায়, বাহাদুরাবাদ নৌ-থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেনের নেতৃত্বে তিনজন পুলিশ সদস্য স্থানীয় মুরাদাবাদ এলাকার হরিণধরা চরে যমুনা নদীতে চোরাকারবারিদের নৌকায় অভিযান চালান। এ সময় চোরাকারবারিরা পুলিশ সদস্য শ্যামল চন্দ্রকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিলে তিনি নিখোঁজ হন। চোরাকারবারিদের নৌকা থেকে ৩১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ও পুলিশের একটি দল গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত নৌকা নিয়ে যমুনা নদীতে খোঁজাখুঁজি করেও শ্যামলের সন্ধান পায়নি। বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, নিখোঁজ পুলিশ সদস্যকে খোঁজার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরে ডুবুরি দল চাওয়া হয়েছে। এ ঘটনায় আটক তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।