জামালপুরে পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে বাস ডাকাতির ঘটনায় গ্রেপ্তার বাসচালকসহ চারজন পরিবহন শ্রমিকের মুক্তির দাবিতে গতকাল রোববার কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন শ্রমিকেরা গতকাল সন্ধ্যা ছয়টার দিকে বাস টার্মিনালের সামনে জামালপুর-টাঙ্গাইল সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। সূত্র জানায়, পুলিশ অবরোধ উঠিয়ে নেওয়ার অনুরোধ করলে শ্রমিকেরা পুলিশের একটি গাড়ি ধাওয়া করেন। রাত পৌনে আটটার দিকে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে পরিবহন শ্রমিকনেতা ও পুলিশের মধ্যে বৈঠক হয়। বৈঠকে আগামী ১০ দিনের মধ্যে গ্রেপ্তার পরিবহন শ্রমিকদের মুক্তির বিষয়ে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।বৈঠক শেষে জামালপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান ও জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নাছিমুল ইসলাম শ্রমিকদের বৈঠকের সিদ্ধান্ত জানান। এরপর রাত আটটার দিকে পরিবহন শ্রমিকেরা অবরোধ তুলে নেন। প্রসঙ্গত, জামালপুর-ময়মনসিংহ সড়কের গোপালপুরে ২০ সেপ্টেম্বর গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়। ওই রাতেই পুলিশ ওই বাসের চালকসহ চারজন পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করে।