জামালপুরে পল্লী বিদ্যুতের কার্যালয়ে সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক ও অপর এক কর্মীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রের ভাষ্যমতে, উপজেলার পশ্চিম বামনা গ্রামের গ্রাহক আবদুল গনির বিরুদ্ধে চোরাইভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গনিকে ৪১ হাজার টাকার গড় বিল ধরিয়ে দেয়। এই বিলও পরিশোধ করতে না পারায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। আবদুল গনি সোমবার দলবল নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির ইসলামপুর উপজেলা কার্যালয়ে গিয়ে হামলা চালায়। এ ঘটনায় আবদুল গনিসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে গতকাল মঙ্গলবার নতুন একটি মামলা হয়েছে। আবদুল গনি পলাতক রয়েছেন। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাইদুর রহমান বলেন, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।