জামালপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে আজ রোববার সন্ধ্যায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া পূর্বপাড়া গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে মাহিয়া (৪) ও একই গ্রামের আনিছুজ্জামানের মেয়ে আনিকা (৩)।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মাহিয়া ও আনিকা আজ বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে যায়। একপর্যায়ে তারা দুজন মাঠের পাশের একটি পুকুরে পড়ে যায়। তারা দুজন সন্ধ্যায় বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনেরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। তারা পুকুরে পড়ে যাওয়ার বিষয়টি অন্য কয়েকজন শিশু জানায়। পরে স্থানীয় লোকজন ওই পুকুর থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করে।
রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল কবীর দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।