জামালপুরে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গতকাল মঙ্গলবার হনুফা বেগম (২০) নামের পোশাকশ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নের মাদারেরচর গ্রামের মো. আবিজল ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই কারখানার সহকর্মী হনুফাকে দেড় মাস আগে তিনি বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। গতকাল সকালে আবিজলের বাড়িতে কোনো লোকজন না দেখে প্রতিবেশীরা ঘরে ঢুকে হনুফার মৃতদেহ দেখতে পায়। তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। আবিজল ঘটনার পর থেকে পলাতক।বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, হনুফার বিস্তারিত পরিচয় জানা যায়নি। তবে ওই এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে, তাঁর বাড়ি ভোলায়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।