জামালপুরে প্রতিবন্ধী কিশোরীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের গাজীরপাড়া গ্রামে গতকাল সোমবার রাতে দুর্বৃত্তরা এলে রানী (১৬) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরীকে গলা কেটে হত্যা করেছে। কিশোরী মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী গাজীর মেয়ে। ঘটনার রাতে সে বাড়িতে একা ছিল।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত সোমবার রাতে প্রতিবেশীরা নিজ বাড়িতে এলে রানীর গলা কাটা লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ সময় পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে ভর্তি ইন্তাজ আলীর বড় ছেলে রাজ্জাক (৩২) ও পুত্রবধূ সুইটির (২৭) কাছে ছিলেন।
এলাকাবাসী জানান, ইন্তাজ আলীর সঙ্গে প্রতিবেশী ও চাচাতো ভাই সামু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে গত রোববার দুপক্ষের মারামারি হয়। এতে মুক্তিযোদ্ধার বড় ছেলে ও পূত্রবধূ আহত হন। তাঁরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ইন্তাজ আলীর তিন ছেলে দুই মেয়ের মধ্যে বড় ছেলে রাজ্জাক ছাড়া বাকি সবাই বাক ও শারীরিক প্রতিবন্ধী।
ইন্তাজ গতকাল জানান, সামু মিয়ার সঙ্গে মারপিটের ঘটনায় আহত বড় ছেলে ও পুত্রবধূকে দেখাশোনার জন্য তিনি দুদিন ধরে হাসপাতালেই ছিলেন। সোমবার রাতে তাঁর স্ত্রী ও অন্য সন্তানেরাও হাসপাতালে রোগী দেখতে এলে মেয়েটি বাড়িতে একা ছিল।
থানার ওসি মোস্তাফিনুর রহমান জানান, পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সামু মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।