জামালপুরে বঞ্চিত ৩৪ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বঞ্চিত শিক্ষক-কর্মচারীরা গতকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকে মেলান্দহ-মাদারগঞ্জ আসনের আওয়ামী লীগের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন। জামালপুর শহরে অবস্থিত মাদারগঞ্জ সমিতি কার্যালয়ে বিকেলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদারগঞ্জ উপজেলার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মেলান্দহ-মাদারগঞ্জে যোগ্য নয় এমন নয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে এমপিওভুক্ত করা হয়েছে। এই দুই উপজেলার এমপিওভুক্তির যোগ্যতাসম্পন্ন ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানকে বঞ্চিত করা হয়েছে। এর প্রতিবাদে হুইপ মির্জা আজমসহ শিক্ষামন্ত্রী ও শিক্ষাসচিবের পদত্যাগের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।কর্মসূচির মধ্যে রয়েছে আজ রোববার বেলা ১১টায় মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, একই দিন দুপুর দুইটায় জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান, কাল সোমবার এই দুই উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বর্জন, আগামী মঙ্গলবার বেলা ১১টায় জামালপুরে সড়ক ও রেলপথ অবরোধ এবং বৃহস্পতিবার ঢাকায় হুইপ মির্জা আজমের কার্যালয় ঘেরাও। সংবাদ সম্মেলনে ওই দুই উপজেলার এমপিও-বঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক ও কর্মচারী অংশ নেন।