জামালপুরে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় জামালপুরে প্রায় ২৯ হাজার হেক্টর জমির আউশ ধান, রোপা আমনের চারা ও শাকসবজি নষ্ট হয়ে গেছে। প্রায় দেড় লাখ কৃষক পরিবার এই ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এবারের বন্যায় জেলায় ২৮ হাজার ৭৫৫ হেক্টর ফসলি জমি তলিয়ে যায়। এর মধ্যে আউশ ১৭ হাজার ৫৫ হেক্টর, রোপা আমনের বীজতলা ৩ হাজার ২০ হেক্টর, রোপা আমন ধান ৪ হাজার ৮৬০ হেক্টর, বিভিন্ন শাকসবজির খেত ৩ হাজার ৬৪০ হেক্টর ও কলা ১৮০ হেক্টর। বন্যার পানিতে এসব ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বুধবার দেওয়ানগঞ্জ উপজেলার চলকারচর, বাহাদুরাবাদ, দীঘলকান্দি, খরমা, পশ্চিমপাড়া এবং ইসলামপুর উপজেলার গিলাবাড়ি, পচাবহলা, পূর্ব বামনা, দক্ষিণ চিনাডুলী, ডেবরাইপ্যাচ, কদমতলী, পূর্ব বলিয়াদহ দেলীরপাড়, জারুলতলা, কাছিমাসহ ২০টি গ্রাম ঘুরে দেখা গেছে, ফসলের মাঠে কাদা জমে আছে। বালু ও কাদার নিচে পড়ে বীজতলাসহ সব ফসল নষ্ট হয়ে গেছে।
ইসলামপুরের দেলীরপাড় গ্রামের মিরাজ উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর এক বিঘা জমির আমনের চারা বন্যার পানির সঙ্গে আসা কাদায় চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। নতুন করে বীজ বোনার সময় নেই। তাঁর জমির অন্য সব ফসলও নষ্ট হয়ে গেছে।
উপজেলার বেলগাছা এলাকার কৃষক পেনু মিয়া বলেন, তাঁর ২০ শতাংশ জমিতে আমনের চারা ছিল। প্রায় ১৩ দিন বন্যার পানির নিচে থাকায় সব চারা নষ্ট হয়ে গেছে। পুরো উপজেলার কোথাও আমনের চারা নেই। তাই তাঁর সাত বিঘা জমিতে এবার ধানের আবাদ হবে না।
উপজেলার দেওয়ানপাড়া গ্রামের কৃষক ফজলু মিয়া বলেন, যমুনার চরে তাঁর পাঁচ বিঘা জমি আছে। সেখানে আউশ ধান, আমনের চারা, লাউগাছ ও লালশাকের আবাদ করেছিলেন। কিন্তু বন্যার পানিতে সব পচে গেছে। পুরো জমিতে কাদা জমে আছে। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, বন্যায় এই জেলার প্রায় দেড় লাখ কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ইসলামপুর উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে কৃষি মন্ত্রণালয়ে পাঠানোর কাজ চলছে। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ, সারসহ নানা সহায়তা দেওয়া হবে।