জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি
জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাহাদুরাবাদ পয়েন্ট বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে।
উদ্ভূত পরিস্থিতিতে ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
কয়েকটি সড়ক পানিতে ডুবে যাওয়ায় যোগাযোগব্যবস্থা অচল হয়ে গেছে।
বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে লোকজন। তারা ত্রাণের অপেক্ষায় আছে।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেন, গত তিন দিন জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল। কিন্তু গতকাল সোমবার সন্ধ্যার পর পানি বাড়তে থাকে। আজ বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে বলা হয়েছে।
জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, গতকাল বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। আজ তা বেড়ে ৬৪ সেন্টিমিটার হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।