জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে পুরো এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। বিশুদ্ধ খাওয়ার পানির সন্ধানে কলসি নিয়ে বের হয়েছেন কয়েকজন নারী। গতকাল সোমবার ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রাম থেকে তোলা l ছবি: প্রথম আলো
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বেড়ে পুরো এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে। বিশুদ্ধ খাওয়ার পানির সন্ধানে কলসি নিয়ে বের হয়েছেন কয়েকজন নারী। গতকাল সোমবার ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রাম থেকে তোলা l ছবি: প্রথম আলো

‘পুরা গ্রাম বানের পানিতে তলাইছে। আমতলী রাস্তার চারদিকে থইথই পানি। মাঝখানের একটু জাইগা আছে। এইখানে পরিবার নইয়া, গরু বাছুরের নিয়া রাস্তায় পইড়া আছি। রাত থেকে পোলাপানগুলো খাই নাই। চাল-ডাল দিয়ে খিচুড়ি আন্না করছি। তাই সবাই খাইবে। হুহু করে বানের পানি বাড়ছে। এই রাস্তাও ডুইবে গেলে কোন হানে যামু জানি না।’ গতকাল সোমবার কথাগুলো বলছিলেন জামালপুরের ইসলামপুর উপজেলার বন্যাকবলিত বলিয়াদহ গ্রামের জমেলা বেওয়া। বসতঘর পানিতে ডুবে যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে তিনি আমতলী রাস্তায় আশ্রয় নিয়েছেন।

সকালে নৌকায় ইসলামপুর উপজেলার আমতলী গ্রামে গিয়ে দেখা যায়, গ্রামটিসহ চারপাশের রাস্তাঘাট—সবকিছু পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে উঁচু আমতলী বাজারেও কোমরপানি। পাশেই ইসলামপুর-নোয়ারপাড়া সড়কে পানির তীব্র স্রোত বইছে। আমতলী এলাকার মাঝখানে সামান্য একটু সড়ক জেগে রয়েছে। সেখানে কয়েকটি পরিবারের লোকজন ও গবাদিপশু আশ্রয় নিয়েছে।

নৌকা নিয়ে বলিয়াদহ গ্রামে গিয়ে দেখা যায়, একটি সেতুর ওপর কয়েকটি পরিবার গবাদিপশুসহ আশ্রয় নিয়েছে। ওই এলাকার আবেদ আলী বলেন, ‘গত মাসেও বান হয়ে গেল। ওই সময় টানা ১১ দিন পানির মধ্যে ছিলাম। গত রাত থেকে আবার হুহু করে পানি বাড়ছে। ১৯৮৮ সালের চেয়েও এবার আরও বেশি পানি বাড়ছে। এক রাতেই মাঠ ও ঘরবাড়িতে বুকসমান পানি। গরুবাছুর লইয়া এই হানে আছি। গতবারও কেউ আমাগরে খবর লয় নাই। কিছু ত্রাণ আইলেও পারাপারি লাইগে যাই। এখন পর্যন্ত ত্রাণ আহে নাই।’

শিংভাঙ্গা গ্রামের ঝরনা বেগম বলেন, ‘আমাগরে কষ্টের শেষ নাই। একবার বান হইয়ে গেল, আবার আইল। আগের বানেই সবকিছু শেষ। ঘরে কোন খাবারও নাই।’

ডেবরাইপ্যাচ গ্রামে গিয়ে দেখা যায়, ডেবরাইপ্যাচ সেতুর ওপর ১০-১৫টি পরিবার আশ্রয় নিয়েছে। সেতুর চারপাশে পানি। কোথাও শুকনো জায়গা নাই। ওই গ্রামের হাসমত আলী বলেন, ১৯৮৮ সালের চেয়েও বেশি পানি বাড়ছে। এক রাতেই সবকিছু তলিয়ে গেছে। গত মাসেও টানা ১১ দিন ৭০ হাজার মানুষ পানিবন্দী ছিল। মাঠের ফসল থেকে শুরু করে ঘরে থাকা সবকিছুই নষ্ট হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগেই ভয়াবহ বন্যা চলে এসেছে। এসব গ্রামের বেশির ভাগ মানুষ দিনমজুর ও কৃষিকাজ করে। অনেকেই আবার যমুনা নদীতে মাছ ধরে, রিকশা চালিয়ে ও অন্য মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। এসব অঞ্চলের মানুষের ঘরে দু-এক দিনের বেশি খাবার মজুত থাকে না। তাই দ্রুত সময়ের মধ্যে এসব অঞ্চলে ত্রাণসামগ্রী বিতরণ করা প্রয়োজন।

ইসলামপুর উপজেলার বামনা, পশ্চিম বামনা, দেলিরপাড়, করিরতাইড় রামভদ্রা, তাততাপাড়া গ্রামে নৌকা দিয়ে সরেজমিনে বসতভিটা, ফসলি জমি, বাজার, রাস্তাঘাট ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে যেতে দেখা গেছে। প্রতিটি বসতঘরে বুকসমান পানি। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ফলে লোকজন নৌকায় করে বিভিন্ন জায়গায় আশ্রয়ের জন্য যাচ্ছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরের ইসলামপুর উপজেলা। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আটটির বেশির ভাগ অংশ পানিতে তলিয়ে গেছে। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই উপজেলা ছাড়াও দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও সরিষাবাড়ী উপজেলাতেও লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

গতকাল ইসলামপুর উপজেলার বলিয়াদহ গ্রামে ত্রাণবাহী নৌকা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় নৌকায় থাকা ১৫ জন ত্রাণকর্মী অল্পের জন্য বেঁচে যান। অন্যদিকে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের দুরমুঠ এলাকায় লাইনের ওপর পানি উঠেছে। মাদারগঞ্জ উপজেলার কইড়া-বালিজুড়ী সড়কটির কামারপাড়া গ্রামের অংশে ও মাদারগঞ্জ-সরিষাবাড়ী সড়কের ডাকাতিয়া গ্রামের সড়ক ভেঙে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। এ পর্যন্ত চর নাদাগাড়ী, বনচিথলিয়া ও শুভগাছা এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুস ছালাম বলেন, ইসলামপুর উপজেলার মধ্যে চিনাডুলী ইউনিয়ন পুরোটাই বন্যাকবলিত হয়ে পড়েছে। এবারের পরিস্থিতি ১৯৮৮ সালের বন্যাকে ছাড়িয়ে গেছে। যেভাবে পানি বাড়ছে, কোথাও শুকনো জায়গা পাওয়া যাচ্ছে না। এসব অঞ্চলে দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত আশ্রয়কেন্দ্রের দরকার। বিভিন্ন গ্রামে নৌকা না থাকায় লোকজন আটকা পড়ে রয়েছে। তাদের উদ্ধারেও পর্যাপ্তসংখ্যক নৌকা দরকার। এসব অঞ্চলে আজ থেকেই ত্রাণসামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করার দরকার। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন বলেন,‘ ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার জন্য আজ ৩১ মেট্রিক টন চাল ও নগদ ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বন্যাদুর্গত এলাকায় জেলা প্রশাসকসহ আমরা সরেজমিনে এসেছি। কী পরিমাণ ত্রাণসামগ্রী দুর্গত এলাকায় লাগবে, সেটা হিসাব করে বরাদ্দ দেওয়া ও বিতরণ শুরু করা হবে।’

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপের নিয়ন্ত্রক আবদুল মান্নান বলেন, গত ২৪ ঘণ্টায় পানি বেড়ে বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ১২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৯৮৮ সালের চেয়েও ১৪ সেন্টিমিটার পানি বেড়েছে।