জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি তিন শিশুর মৃত্যু
জামালপুরে বন্যা-পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার পানিতে তলিয়ে বকশীগঞ্জ ও ইসলামপুর উপজেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সরেজমিনে দেখা গেছে, জামালপুরের বাহাদুরাবাদ এলাকায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ায় ইসলামপুর উপজেলার কুলকান্দি, বেলাগাছা, চিনাডুলি, সাপধরি, নোয়ারপাড়া ও পাথর্শী ইউনিয়ন, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ও চুকাইবাড়ী ইউনিয়ন, মেলান্দহ উপজেলার মাহমুদপুর এবং বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া, মেরুর চর ও বগারচর ইউনিয়নে আরও অনেক এলাকা বন্যায় তলিয়ে গেছে। বন্যায় প্রায় ২৫ হাজার হেক্টর জমির রোপা আমন ও অন্যান্য ফসল তলিয়ে গেছে। এসব ইউনিয়নে কমপক্ষে দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। বহু পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। গতকাল বিকেলে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের চিনারচর গ্রামে সিয়াম (৫), ইসলামপুর উপজেলার সভারচর এলাকায় রিফাত (৪) এবং ইনা (৫) নামের তিন শিশু বন্যার পানিতে ডুবে মারা গেছে।