জামালপুরে বিএডিসির উপপরিচালক বরখাস্ত
নিজ কার্যালয়ের গুদামরক্ষককে মারধরের অভিযোগে জামালপুর বিএডিসির এগ্রো সার্ভিস সেন্টারের উপপরিচালক এ কে এম মনিরুজ্জামানকে গতকাল বুধবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁকে ঢাকায় প্রধান কার্যালয়ে প্রত্যাহার করা হয়েছে।জামালপুর শহরের দাপুনিয়ায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ওই কার্যালয়ের গুদামরক্ষক মোরতুজা আলী প্রথম আলোকে বলেন, ‘স্যার ঠিকমতো অফিস করেন না। অফিসের চার লাখ ৪৫ হাজার টাকা তছরুপ করেছেন। আরও ৬০ হাজার টাকার জন্য কয়েক দিন ধরে আমাকে চাপ ও ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। আমি আর একটি টাকাও তাঁকে না দিতে চাইলে তিনি আমার চোখে ও মুখের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। আমি এর উপযুক্ত বিচার চাই।’ এ ঘটনার পর থেকেই জামালপুর ও শেরপুর জেলার বিএডিসির কর্মচারীরা লাগাতার কর্মবিরতির ঘোষণা দেন। কর্মবিরতি চলাকালে গতকাল বুধবার বেলা একটার দিকে বিএডিসির ঢাকার প্রধান কার্যালয় থেকে উপপরিচালক মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করার আদেশ জারি করা হয়। বিএডিসির কর্মচারী ইউনিয়নের নেতারা বেলা দেড়টার দিকে কর্মবিরতি প্রত্যাহার করেন। এ কে এম মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমার কার্যালয়ের গুদামরক্ষক মোরতুজা আলীকে মারধর করিনি। তিনি একই কার্যালয়ের চারটি দায়িত্বে আছেন। একটি দায়িত্ব অন্যজনকে দিতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে অশালীন আচরণ করেন। তাঁর কাছ থেকে আমি টাকা নিইনি। ঘটনার দিনও কোনো টাকা দাবি করিনি।’